আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পেলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ডা. ইয়াসির আরশাদ রাজন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নাটোরের গৌরীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে ডা. রাজন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং দলের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে তিনি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দলের ঐক্য ও ভবিষ্যৎ রাজনৈতিক লড়াইকে শক্তিশালী করতেই এই ত্যাগ স্বীকার করেছেন বলে জানান তিনি। এ সময় তিনি সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
ডা. রাজন আরও বলেন, লালপুরে দুর্নীতি ও সিন্ডিকেটবিরোধী যে অবস্থান তিনি নিয়েছিলেন, তা আগের মতোই অব্যাহত থাকবে। তিনি বলেন, “আমি আপনাদের ছেড়ে যাচ্ছি না। আজীবন আপনাদের সন্তান হিসেবেই পাশে থাকতে চাই।” এ পর্যন্ত যারা তার সঙ্গে বিএনপির রাজনীতি করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
তার এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তারা দলের সিদ্ধান্ত মেনে মাঠে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এরপরও ডা. ইয়াসির আরশাদ রাজন ও তাইফুল ইসলাম টিপু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেন। শেষ পর্যন্ত প্রতীক বরাদ্দের পর দলের সিদ্ধান্ত অনুযায়ী ডা. রাজন নির্বাচন থেকে সরে দাঁড়ালেও এখনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ আরও কয়েকজন প্রার্থী।

