ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সাধারণ মানুষ। ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্যও ছুটি থাকবে।
বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। আজকের বৈঠকে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের ছুটি অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা টানা তিন দিনের ছুটি পাবেন।
এদিকে ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটির পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হচ্ছে। ফলে নির্বাচন উপলক্ষে সাধারণ জনগণের জন্য টানা চার দিনের ছুটি কার্যকর হচ্ছে।

