বাংলাদেশকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ভবিষ্যতমুখী রাষ্ট্র হিসেবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীত নিয়ে আর সংঘাত বা কামড়াকামড়ির রাজনীতিতে জড়াতে চান না তারা এবং জাতিকেও বিভক্ত করতে চান না।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা–১৫ আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির। এদিন দুপুরে উত্তর কাফরুল হাইস্কুল প্রাঙ্গণ থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু হয়।
তিনি বলেন, “আমরা সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগোতে চাই। দেশকে পেছনের দিকে নয়, সামনের দিকে নিয়ে যেতে চাই।”
একই আসনে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “এখানে আমার একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন। তাকে আমি স্বাগত জানাই। সবাই মিলে সুন্দর, শান্ত ও শালীন পরিবেশে প্রচারণা চালাবো। আমরা একে অপরকে সম্মান করবো এবং জনগণের কাছেই আমাদের বক্তব্য তুলে ধরবো। শেষ সিদ্ধান্ত জনগণের—যাকে তারা পছন্দ করবেন, তাকেই আমরা মেনে নেবো।”
নিজের নির্বাচনী এলাকা সম্পর্কে তিনি বলেন, উত্তর কাফরুল এলাকাকে তিনি অন্তর থেকে ভালোবাসেন এবং এ অঞ্চল নিয়ে বিশেষ স্বপ্ন দেখেন। “যেহেতু এখান থেকে আমি নির্বাচন করছি, তাই এই এলাকার প্রতিটি সমস্যাকে নিজের মতো করে বোঝার চেষ্টা করছি,” বলেন তিনি।
এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, জনগণের সমর্থন ও আল্লাহর রহমতে সুযোগ পেলে তিনি ঢাকা–১৫ আসনকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে চান। তিনি জলাবদ্ধতা, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নানা সমস্যার কথা উল্লেখ করেন। তার ভাষায়, “এখানে কোনো মানসম্মত বিশ্ববিদ্যালয় নেই, ভালো হাসপাতাল নেই, খেলার মাঠ, পার্ক বা হাঁটার উপযোগী জায়গাও নেই। এসব সমস্যা সমাধানে আমরা একটি রূপকল্প তৈরি করেছি এবং সবাইকে সঙ্গে নিয়েই তা বাস্তবায়ন করতে চাই।”
তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মনিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে নারী সমাবেশে অংশ নেবেন ডা. শফিকুর রহমান। পরে মাগরিবের নামাজের পর মিরপুর ১৩ নম্বর খাদিমুল ইসলাম মসজিদ এলাকায় এবং এশার নামাজের পর মিরপুর ১০ নম্বর ফলপট্টি মসজিদ এলাকায় গণসংযোগ ও পথসভা করার কথা রয়েছে।

