গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে কেউ মারা যাননি। তবে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫ জন।
বুধবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত এক দিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে—
-
বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন
-
চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন
-
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ জন
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫ জন
-
খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন
-
ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন
-
রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন
একই সময়ে চিকিৎসা শেষে ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৯০০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ২ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ওই বছরে ডেঙ্গুতে প্রাণ হারান ৪১৩ জন। আর ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, সে বছর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

