আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে বিপুল জনসমর্থনের আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে অংশ নিয়ে তিনি বলেন, জনগণের রায়েই ধানের শীষের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের প্রকৃত মালিক হবে জনগণ। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। তার ভাষায়, “এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে আর কোনো মাকে সন্তানের লাশ বয়ে বেড়াতে হবে না।”
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে বিএনপির সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা রয়েছে। অন্য রাজনৈতিক দলগুলোর যদি কোনো কর্মপরিকল্পনা থাকে, তাহলে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
ভোটারদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ যাকে যোগ্য মনে করবে, তাকেই ভোট দেবে। ভোটের বিনিময়ে অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

