নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংগঠনটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সাবেক সভাপতি ও ডিজেসির উপদেষ্টা পরিষদের সদস্য খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য আবু হানিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য রাজু আহম্মেদ, আরজেএফ-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এবং ডিজেসির সহ-সভাপতি হালিম মোহাম্মদ।
ডিজেসির সভাপতি ইকরামুল কবীর টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে ঘটনার মূল হোতাসহ সব অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ফ্যামিলি ডে উপলক্ষে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের বহনকারী যানবাহনের কাছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। সাংবাদিকরা এতে প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়।
হামলায় ডিজেসির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাহেদ, স্থায়ী সদস্য এস এম ফয়েজ ও মহসিন কবীরসহ মোট ১০ জন সাংবাদিক আহত হন। এ সময় ডিজেসির সদস্য সাগর ও সাব্বির জুবায়েরও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

