সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রমেশ চন্দ্র সেনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন।
দিনাজপুর জেলা কারাগার সূত্র জানায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। কারাবন্দি অবস্থায় তিনি মোট তিনটি মামলার আসামি ছিলেন।
শনিবার সকালে কারাগারে থাকা অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, রমেশ চন্দ্র সেন রাজনৈতিক জীবনে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

