বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসাইন জানান, আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তারা এর বিরোধিতা করেন। তবে উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুক্তভোগী তরুণীর সঙ্গে তোফায়েল আহমেদ রায়হানের পরিচয় হয়। পরে মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে তোফায়েল প্রেমের প্রস্তাব দিলে তরুণী তা প্রত্যাখ্যান করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক স্থাপন করেন তিনি।
অভিযোগে বলা হয়, গত ৩১ জানুয়ারি ঘুরতে যাওয়ার কথা বলে ওই তরুণীকে গুলশানের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন তোফায়েল। এরপর বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
ঘটনার পর চলতি বছরের ১ আগস্ট ভুক্তভোগী তরুণী গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম গত ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এর আগে মামলার পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন তোফায়েল আহমেদ রায়হান। রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণের পর পুনরায় জামিন পেলেন তিনি।

