আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দলবদলের ঘটনা। নির্বাচনী প্রচারণার প্রথম দিন জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সমাবেশে বক্তব্য দিয়ে আলোচনায় আসা সালাউদ্দিন আহমেদ মজুমদার এবার একই আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন। এ সময় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে স্বাগত জানানো হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চৌদ্দগ্রামের মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে উজিরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় এ ঘটনা ঘটে। মঞ্চে উঠে সালাউদ্দিন আহমেদ প্রথমে উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা কাজী নাছিম এবং পরে বিএনপি প্রার্থী কামরুল হুদাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাঁকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং মঞ্চ থেকে ঘোষণা করা হয়—‘ঘরের ছেলে ঘরে ফিরেছে’।
প্রায় পাঁচ মিনিটের বক্তব্যে সালাউদ্দিন আহমেদ দাবি করেন, তিনি মূলত বিএনপির রাজনীতির সঙ্গেই ছিলেন। তাঁর ভাষায়, “আমি বিএনপির লোক। ছিলাম, আছি এবং থাকব। মাঝখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ দেওয়া হয়েছিল, কিন্তু আমি আওয়ামী লীগে যোগ দিইনি।”
সালাউদ্দিন আহমেদ মজুমদার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এর আগে গত ২২ জানুয়ারি তিনি জামায়াত প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
উল্লেখ্য, ২০১৫ সালে চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলার মামলায় সালাউদ্দিন আহমেদ ও তাঁর ছেলে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তির পর বর্তমানে তাঁরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন। নতুন করে বিএনপির জনসভায় তাঁর উপস্থিতি স্থানীয় রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।

