ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সন্ধ্যার মধ্যেই ইসি ভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। নাহিদ ইসলাম বলেন, ইসি একটি বিজ্ঞপ্তি জারি করে ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। আজ সন্ধ্যার মধ্যে এই বিধি পরিবর্তন না হলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে ফ্যাসিবাদী আমলের ইসির পরিণতির চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে।
এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, কিছু বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করলেও অন্য দলের বিজ্ঞাপন নেয় না। তিনি বলেন, এটি নৈতিকতা ও সমতার পরিপন্থী। এনসিপিও বিজ্ঞাপন দিতে প্রস্তুত, কিন্তু তাদের বিজ্ঞাপন গ্রহণ করা হচ্ছে না। এ ধরনের বৈষম্যমূলক আচরণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেন তিনি।

