ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনপূর্ব রাজনৈতিক অবস্থান ও কর্মসূচি তুলে ধরতেই এই ভাষণগুলো দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সম্প্রচার করা হবে। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে সম্প্রচার হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ।
এছাড়াও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তার ভাষণও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা আরও বেড়েছে।

