ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে নেত্রকোনা সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতের দিকে উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এই নাশকতা চালায় দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিদ্যালয়ের পুরোনো ভবনের একটি কক্ষের জানালার গ্রিল দিয়ে ভেতরে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। ওই ভবনে চারটি ভোটকক্ষ স্থাপনের কথা ছিল। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কক্ষের দুটি বেঞ্চ, একটি ফ্যান ও লাইটসহ কিছু আসবাবপত্র পুড়ে যায়।
খবর পেয়ে রাতেই নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন।
পুলিশ জানিয়েছে, ভোটকেন্দ্রের একটি বুথের পেছনের জানালা দিয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। জেলা প্রশাসন দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

