পাবনার সাঁথিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (সকাল ৭টা ২০ মিনিট) আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে পাবনা–ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার একেএম মশিউর রহমান মণ্ডল দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা না গেলেও পুলিশ জানায়, নিহতদের একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সকালে শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। শোলাবাড়িয়া ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

