জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে তিনি ‘হ্যাঁ’-এর পক্ষে।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে কেবল পরিবর্তন নয়; বরং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখে পরিবর্তনের অঙ্গীকার। তিনি জোর দিয়ে বলেন, সব সংস্কার কার্যক্রম যেন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে বাস্তবায়িত হয়।
এছাড়া সংস্কার প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যত্যয় না ঘটানোর দায়িত্ব রাষ্ট্র ও নির্বাচিত সরকারের ওপর বর্তায় উল্লেখ করে তিনি চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। তার মতে, নীতিনির্ধারণী পর্যায়ে আলেমদের সম্পৃক্ততা থাকলে মূল্যবোধ সংরক্ষণ আরও সহজ হবে।

