ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ চারজনসহ অন্তত নয়জন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গাজী মার্কেট এলাকায় এ সংঘর্ষ হয়। এতে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে রয়েছেন ইমরান (২৮), লিটন (৪৮), সোহাগ (৩৫) ও রিয়াজুল (২০)। গুরুতর অবস্থায় ইমরান ও রিয়াজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

