ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। এনটিভির প্রতিনিধিরা সারা দেশ থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ করে নিয়মিতভাবে তা পাঠকদের সামনে তুলে ধরছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিট পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, ২৫টি সংসদীয় আসনের ৫৮৯টি ভোটকেন্দ্রের ফল অনুযায়ী বিএনপি এগিয়ে রয়েছে ২০টি আসনে। জামায়াতে ইসলামী এগিয়ে আছে চারটি আসনে এবং একটি আসনে এগিয়ে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশজুড়ে একযোগে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ২৯৯টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়।
নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। মোট প্রার্থী ২ হাজার ৩১ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র। নির্বাচন পরিচালনায় ৯ লাখের বেশি নিরাপত্তা সদস্য এবং আট লাখ নির্বাচনি কর্মকর্তা দায়িত্ব পালন করেন। এ ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

