ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। পরাজিতদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা, পাশাপাশি বিএনপি, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচিত প্রার্থীরাও।
জামায়াতে ইসলামীর পরাজিত শীর্ষ নেতারা হলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও আইনজীবী শিশির মনির। বিএনপি প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িপাল্লা প্রতীকে তারা পরাজিত হন।
খুলনা-৫ আসনে মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট পেলেও বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট পেয়ে জয়ী হন। কক্সবাজার-২ আসনে হামিদুর রহমান আযাদ ৮৯ হাজার ৬৩৪ ভোট পেয়ে হেরে যান বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের কাছে, যিনি পান ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট। সুনামগঞ্জ-2 আসনে শিশির মনির ৪২ হাজার ৪৬৭ ভোট পেয়ে পরাজিত হন বিএনপির নাছির উদ্দিন চৌধুরীর কাছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির সাবেক এমপি হারুনুর রশীদ হারুন পরাজিত হন জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের কাছে। পঞ্চগড়-১ আসনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এবং বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলনের ফয়জুল করীমও নির্বাচনে পরাজয়ের মুখ দেখেন।

