ঢাকা-১৬ আসনে সরকারের সরাসরি মদদে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে দাবি করে দ্রুত ভোট পুনর্গণনার আহ্বান জানিয়েছেন ধানের শীষের প্রার্থী আমিনুল হক। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মিরপুরে বিএনপির ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আমিনুল হক বলেন, এই আসনে সরকারি সহযোগিতায় জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে ৮ থেকে ১০টি ভোটকেন্দ্রে পরিকল্পিতভাবে ভোট গ্রহণ ধীরগতিতে পরিচালনা করা হয় এবং কৌশলে অনিয়ম ও জালিয়াতি করা হয়েছে। তিনি দাবি করেন, এসব অনিয়মের প্রমাণ হিসেবে একাধিক কেন্দ্রের ভিডিও ফুটেজ ও ফলাফল শিট গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়েছে।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে এই আসনের ফলাফলের গেজেট বাতিল করে পুনরায় ভোট গণনা করতে হবে। অন্যথায় জনগণের ভোটাধিকার রক্ষা করা সম্ভব হবে না।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে তিনি উচ্চ আদালতে আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তুতি নেবেন।

