বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক ও নিরঙ্কুশ জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খানের পাঠানো এক বার্তায় জানানো হয়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে টেলিফোন আলাপে পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে নির্বাচনে বিএনপির বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান শেহবাজ শরিফ। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান তিনি।
বার্তায় আরও বলা হয়, দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে শেহবাজ শরিফ বাণিজ্য, শান্তি ও আঞ্চলিক উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ ফোনালাপে দুই নেতা সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং পাকিস্তান–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার ভূমিকার প্রশংসা করেন। এ সময় শেহবাজ শরিফ তারেক রহমানকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। বিএনপি চেয়ারম্যানও এ আমন্ত্রণের ইতিবাচক প্রতিউত্তর দেন।
এর আগে একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায়ও শেহবাজ শরিফ তারেক রহমানকে অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

