মাথার ওপর ঝুলছিল ফাঁসির দড়ি। কিন্তু সময় ও রাজনৈতিক বাস্তবতার নাটকীয় পরিবর্তনে কারাগার থেকে বেরিয়ে সরাসরি সংসদে পৌঁছালেন তিন নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু এবং জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। বলা যায়, ফাঁসির মঞ্চ থেকে সরাসরি সংসদে যাচ্ছেন তারা।
২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘ ১৮ বছর কারাবন্দি ছিলেন লুৎফুজ্জামান বাবর। আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পেয়ে তিনি মুক্তি পান। পরে নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনায় ফিরে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ ২০ হাজারের বেশি ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মুক্তি পান। জন্মস্থান টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুর আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে প্রায় দুই লাখ ভোটে জয়ী হন তিনি।
অন্যদিকে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ কারাবাস শেষে মুক্তি পান এবং রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। ফাঁসির দড়ি থেকে সংসদে পৌঁছানো এই তিন নেতার প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় অধ্যায় হয়ে থাকল।

