অন্তর্বর্তী সরকারের সময়ে মত প্রকাশের কারণে কোনো সাংবাদিককে কারাগারে যেতে হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার ১৫ ফেব্রুয়ারি রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিক আনিস আলমগীর ও মঞ্জুরুল আলম পান্নাকে মত প্রকাশের জন্য জেলে যেতে হয়নি। তাদের বিষয়ে রাষ্ট্রযন্ত্রের কাছে ভিন্ন কোনো তথ্য থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, ১৮ মাসে সফলতা বা ব্যর্থতা নিয়ে নিজে কিছু বলার নেই। তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, মূল্যায়ন করবে জনগণ।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, তিনি আগে থেকেই বিদেশে থাকতেন। রাষ্ট্রীয় দায়িত্ব শেষ করে পরিবারের কাছে ফিরে গেছেন। এ বিষয়ে ভিন্ন কোনো ব্যাখ্যার সুযোগ নেই।

