টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রোববার ১৫ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা আমজাদ আলীর ছেলে ভ্যানচালক মোহাম্মদ আমির আলী (৪০) এবং একই এলাকার মান্নানের ছেলে শরীফ উদ্দিন (৪১)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
যমুনা সেতু পূর্ব থানার পুলিশ জানিয়েছে, মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

