জজের চাকরি ছেড়ে রাজনীতিতে আসার প্রায় দুই দশক পর জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। ২০০৬ সালে স্বেচ্ছায় বিচার বিভাগের চাকরি ছাড়ার পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। বিভিন্ন রাজনৈতিক ও আইনি বাধা পেরিয়ে দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ডের ফল হিসেবে এবার রাঙামাটি-২৯৯ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি।
নির্বাচনে ছয় প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে পোস্টাল ব্যালটসহ মোট দুই লাখ এক হাজার ৮৪৪ ভোট পান দীপেন দেওয়ান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পান ৩১ হাজার ১৪২ ভোট। নির্বাচনের পর দীপেন দেওয়ান বলেন, এ বিজয় রাঙামাটিবাসী ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের। তিনি সবার সহযোগিতায় দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
এদিকে জেলা বিএনপি নেতারা ও স্থানীয় বাসিন্দারা তাকে পার্বত্য মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন।

