বাংলাদেশের নতুন সরকার আগামী মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি শপথ নিতে যাচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ১৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশহাক দার। এছাড়া ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী রহমান বিন জসিম বিন জাবের আল থানি অনুষ্ঠানে যোগ দেবেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকের কারণে তিনি শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে এই শপথ অনুষ্ঠান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে।

