রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের খোঁজাপুর গোরস্থানের প্রাচীরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মোস্তফা (৫০) মহানগরীর ডাশমারী এলাকার বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গুলিবিদ্ধ হওয়ার পর তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

