পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শনিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করা হবে। সম্প্রতি দৃষ্টিশক্তি কমে যাওয়াসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন ইমরান খান। তবে দীর্ঘদিন ধরে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে।
এ অবস্থায় তার সমর্থকরা পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়ে সুচিকিৎসার দাবিতে আন্দোলন শুরু করেন। পরে সরকারের পক্ষ থেকে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত আসে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা একটি নির্দিষ্ট হাসপাতালে ইমরান খানের চোখের পরীক্ষা করবেন এবং বিষয়টি সুপ্রিম কোর্টকে অবহিত করা হবে। সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেন, মানবাধিকার অনুযায়ী একজন বন্দি হিসেবে ইমরান খান সব ধরনের চিকিৎসা সুবিধা পাবেন।

