ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়েছেন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
এ বিষয়ে বিসিবি সিইও জানান, বুলবুল পারিবারিক প্রয়োজনে অস্ট্রেলিয়ায় গিয়েছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে বোর্ড আশা করছে। তিনি বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সফর এবং বোর্ডের নিয়মিত কার্যক্রম এতে ব্যাহত হবে না।
বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র জানায়, দেশ ছাড়ার আগে বিসিবির পরিচালকেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সভাপতি রমজানের শুভেচ্ছা জানান। সেখানে তিনি উল্লেখ করেন, জরুরি পারিবারিক প্রয়োজনে দেশের বাইরে যাচ্ছেন এবং দ্রুতই দায়িত্বে ফিরে আসবেন।
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের পর থেকেই বিসিবিতে নানা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বোর্ড পরিচালকদের মধ্যে অভ্যন্তরীণ মতবিরোধ, ক্লাবগুলোর সঙ্গে দূরত্ব এবং সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দেশের ক্রিকেটাঙ্গনে আলোচনা চলছেই।
এ প্রেক্ষাপটে বিসিবির প্রধান প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু আজ বিসিবি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটের বর্তমান অচলাবস্থা কাটবে। নান্নু বলেন, নতুন সরকারের শপথের পর নিয়মের মধ্যে সব কিছু ফিরে আসবে এবং ক্লাবগুলোর সঙ্গে বিসিবির যে দূরত্ব তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করা জরুরি।
বর্তমান বোর্ডের অধীনে বেশ কয়েকটি ক্লাব ঘরোয়া লিগে অংশগ্রহণ নিয়ে অনীহা প্রকাশ করে আসছিল। ‘বিসিবি বনাম ক্লাব’ দ্বন্দ্ব প্রসঙ্গে নান্নু স্পষ্ট করে জানান, ক্রিকেটের স্বার্থে কোনো আপস করা হবে না। তিনি বলেন, ক্রিকেটই সবার আগে এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সব সিদ্ধান্ত নিতে হবে।

