সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় বিএনপি কোনো শপথেই অংশ নেবে না বলে জানিয়েছে ১১-দলীয় জোট। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ১১-দলীয় জোটও কোনো ধরনের শপথ গ্রহণ করবে না। এর আগে আরেকটি পোস্টে তিনি মন্তব্য করেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনরায়কে উপেক্ষা করেই নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণকে কেন্দ্র করে সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে মতভেদ স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিষয়টি আগামী দিনে সংসদের কার্যক্রম ও রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

