কুড়িগ্রামে সকালে আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও ব্যানার টাঙানোর কয়েক ঘণ্টার মধ্যেই দুপুরে সেখানে ফের ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জেলা শহরের শাপলা চত্বর সংলগ্ন পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে কয়েকজন যুবক কার্যালয়টিতে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দলীয় স্লোগান দেন। অল্প সময়ের মধ্যেই তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে দুপুরে ওই পতাকা উত্তোলন ও ব্যানার টাঙানোর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়টি আবারও ভাঙচুর করেন। এ সময় ভবনটির স্থানে সাধারণ মানুষের ব্যবহারের জন্য একটি বিনামূল্যের শৌচাগার নির্মাণের ঘোষণাও দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের সিনিয়র সদস্য সচিব সাজ্জাদ হোসাইন বলেন, আওয়ামী লীগকে আর এলাকায় ফিরতে দেওয়া হবে না। তাদের পরিত্যক্ত ও ভাঙা কার্যালয় উচ্ছেদ করা হয়েছে এবং এখানে দ্রুত জনগণের জন্য ফ্রি শৌচাগার নির্মাণ করা হবে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কুড়িগ্রামে আওয়ামী লীগের কার্যালয়ে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। প্রায় ১৮ মাস পর হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন ও ব্যানার টাঙানোর ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা বলেন, বিষয়টি জানার পর জেলা পুলিশের পক্ষ থেকে শহরে টহল জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

