সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিনই ভোরবেলায় নিজের নির্বাচনী এলাকা ঢাকার মিরপুরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে দিন শুরু করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে গ্লাভস ও মাস্ক পরে তিনি সড়ক ও অলিগলিতে ঝাড়ু দেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, এটি তার পূর্বঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের অংশ। এই কর্মসূচি কোনো একদিনের বা প্রচারণামূলক উদ্যোগ নয়; বরং দলের বিভিন্ন ইউনিট নিয়মিতভাবে প্রতিদিন এ কার্যক্রম চালিয়ে যাবে।
দলীয় স্বেচ্ছাসেবকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধাঘণ্টা করে যেন সবাই নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়। কেউ যদি এক ঘণ্টা সময় দিতে পারে, তাহলে তা আরও ইতিবাচক ফল বয়ে আনবে বলেও মন্তব্য করেন তিনি।
পেশায় চিকিৎসক এই রাজনীতিক তার নির্বাচনী এলাকাকে রাজধানীর একটি ‘মডেল পাড়া’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারি কোনো বিশেষ বরাদ্দ পাওয়া না পেলেও এ উদ্যোগ অব্যাহত থাকবে। তবে একই সঙ্গে ন্যায্য উন্নয়ন তহবিল থেকে তার এলাকাকে বঞ্চিত না করার জন্য সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য প্রার্থীদের প্রতিও সহযোগিতার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, মিরপুরকে পরিষ্কার, নিরাপদ ও বাসযোগ্য করতে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণতন্ত্রের সৌন্দর্য তুলে ধরে তিনি বলেন, আজ তিনি নির্বাচিত হয়েছেন, আগামীতে অন্য কেউ হতে পারেন; কিন্তু এলাকার উন্নয়ন যেন রাজনৈতিক বা ধর্মীয় বিভেদের কারণে থমকে না যায়।
এই পরিচ্ছন্নতা কার্যক্রমকে দীর্ঘমেয়াদি কর্মসূচি হিসেবে উল্লেখ করে তিনি আরও জানান, এটি কেবল শুরু। ঢাকায় অবস্থান করলে প্রতিদিনই এলাকায় এসে কাজ করবেন, আর ঢাকার বাইরে থাকলে সহকর্মীদের মাধ্যমে এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।

