বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদ বলেছেন, তিনি ‘মাননীয় মন্ত্রী’ সম্বোধন পছন্দ করেন না; বরং নিজেকে জনগণের একজন কর্মী বা ‘কামলা’ হিসেবেই দেখতে চান। তিনি বলেন, জনগণ ভোট দিয়েছেন কাজ করার জন্য, আর প্রধানমন্ত্রী তাকে জনগণের সেবক হিসেবেই দায়িত্ব দিয়েছেন। তাই ‘মাননীয়’ শব্দের চেয়ে কায়েকোবাদ বলেই সম্বোধন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে রমজানকে কেন্দ্র করে একটি বিশেষ আহ্বান জানান।
ধর্মমন্ত্রী বলেন, পবিত্র রমজান অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মাস। তিনি মুসলমান ভাই-বোনদের প্রতি অনুরোধ করেন, সবাই যেন দুই রাকাত নফল নামাজ আদায় করে দেশের জন্য দোয়া করেন। তিনি আল্লাহর কাছে হেদায়েত, সঠিক বুঝ এবং দেশ পরিচালনায় ন্যায়নিষ্ঠ ও আল্লাহর হুকুম অনুযায়ী চলার তৌফিক কামনা করার আহ্বান জানান।

