নতুন সরকারের দ্বিতীয় কর্মদিবসে বাংলাদেশ সচিবালয় অভূতপূর্ব প্রাণচাঞ্চল্য ও কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর দ্বিতীয় দিন থেকেই প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন মন্ত্রিসভার সদস্যরা। সরকারি কার্যক্রমে গতি ফেরাতে সচিবালয়ের বিভিন্ন দপ্তরে সকাল থেকেই তৎপরতা লক্ষ করা গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করেন। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। পরে সচিবালয়ের ১ নম্বর ভবনে নিজের দপ্তরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন। বৈঠকে প্রশাসনিক সমন্বয় জোরদার ও অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কর্মসূচি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিন সকাল থেকেই অধিকাংশ মন্ত্রী ও প্রতিমন্ত্রী নির্ধারিত সময়েই নিজ নিজ দপ্তরে উপস্থিত হন। আগের দিনের সৌজন্য ও পরিচিতি পর্ব শেষ করে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনা এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়াই এখন সরকারের প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

