কক্সবাজারের চকরিয়া উপজেলায় সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় এক শিশুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এমপির পদত্যাগ দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে তারা এই ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর শোক প্রকাশ করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যু গোটা সমাজকে নাড়া দিয়েছে। তিনি বলেন, নিহত শিশুর মায়ের আহাজারি হৃদয়বিদারক এবং এই ঘটনা জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, দুর্ঘটনার পর সংসদ সদস্য নিজেই ঘাতক গাড়িটি জনতার হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এবং স্থানীয় দলীয় নেতাদের সহায়তায় তা সরিয়ে নেওয়া হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মতে, এই ঘটনায় নির্মমতা, দায়িত্বহীনতা ও রাজনৈতিক দম্ভের স্পষ্ট প্রকাশ ঘটেছে।
দলটির মুখপাত্র বলেন, এমপি-মন্ত্রীদের গাড়িবহরের দাপট ও বেপরোয়া গতিই এ ধরনের মৃত্যুর কারণ হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ডের শামিল। জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশের প্রত্যাশিত রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতায় কক্সবাজার-২ আসনের এমপিকে পদত্যাগের আহ্বান জানানো হচ্ছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট এমপি স্বেচ্ছায় পদত্যাগ না করলে বিএনপি নেতৃত্বকে তাকে পদচ্যুত করার উদ্যোগ নিতে হবে।

