আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা অনেকের মোবাইল ফোন চুরির অভিযোগ পেয়েছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যায়।
জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, দিনের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় অনেকের মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া যায়। এ অবস্থায় একজনকে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান ঘিরে এ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রিক ১৫ হাজার পুলিশ সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
অভিযোগ পাওয়া গেছে, বিশেষ নিরপত্তা ব্যবস্থার মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ১০ থেকে ১২টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা তাৎক্ষণিক পুলিশকে এ বিষয়ে অভিযোগ দিয়ে তাদের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে সহযোগীতা চান। তবে গতকাল বিকাল পর্যন্ত একটি মোবাইল ফোনও উদ্ধারের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান বলেন, সংগঠন থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গেলে সেখান থেকে আমার মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।
এ বিষয়ে পাশের পুলিশ কট্রোল রুমে যোগাযোগ করলে আমাকে ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, এখানে শ্রদ্ধা নিবেদন করতে হাজার হাজার মানুষ আসেন। তাদের মধ্যে কে চোর তা বোঝা মুশকিল। আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি। যারা মোবাইল ফোন হারিয়েছেন, তারা জিডি করলে তদন্ত করা হবে।
তিনি জানান, কয়েকটি হারানো মোবাইলের নম্বর আমাদের কাছে দেওয়া হয়েছে। সেগুলো প্রযুক্তির মাধ্যমে উদ্ধারের চেষ্টা চলছে।