আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলায় এই কর্মসূচি শুরু করা হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সমাজকল্যাণ মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপ-কমিটির বৈঠকে ফ্যামিলি কার্ড প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত ১৪টি উপজেলার প্রতিটি থেকে একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে সর্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ১০ মার্চ একযোগে এসব উপজেলায় কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ একটি চলমান প্রক্রিয়া। পাইলটিং কার্যক্রমের অভিজ্ঞতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে তা সারাদেশে সম্প্রসারণ করা হবে। এই কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা প্রতি মাসে দুই হাজার পাঁচশত টাকা আর্থিক সহায়তা পাবেন।
সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সুবিধা প্রদানে কোনো রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না; যোগ্য সবাইকে এর আওতায় আনার লক্ষ্য রয়েছে।

