বয়স শুধু একটি সংখ্যা”—এই কথাটি বিয়ে প্রসঙ্গে প্রায়ই শোনা যায়। বিশেষ করে বয়সের বড় ব্যবধান থাকা দম্পতিদের ক্ষেত্রে এ ধরনের মন্তব্য, কৌতূহল ও সমালোচনার ঢেউ ওঠে। ঠিক এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন পাকিস্তানের এক বয়স্ক ব্যক্তি। ৭০ বছর বয়সী হাকিম বাবর জিয়া তার এক-চতুর্থাংশ বয়সী, ২২ বছরের এক তরুণীকে বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।
চলতি সপ্তাহে পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালা এলাকায় এই বিয়ের খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি ভাইরাল হওয়ার পর বিভিন্ন কনটেন্ট নির্মাতারাও বাবর জিয়ার বাড়িতে উপস্থিত হন। তাদের সঙ্গে কথা বলতে গিয়ে বাবর জিয়া বলেন, তাদের বিয়েটি একই সঙ্গে পারিবারিকভাবে ঠিক করা এবং ভালোবাসার বিয়ে। পারস্পরিক পছন্দ ও সম্মতির ভিত্তিতেই নিকাহ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে বাবর জিয়া বলেন, বয়স কেবল একটি সংখ্যা; মানুষের মনটাই আসল। তার ভাষ্য অনুযায়ী, তার স্ত্রী আগে তালাকপ্রাপ্ত ছিলেন এবং তিনি ইসলামের বিধান ও সুন্নাহ অনুসরণ করেই এই বিয়ে করেছেন। এতে কোনো অন্যায় নেই বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বৈধভাবে বিয়ে করার পরও অনেকে নেতিবাচক মন্তব্য করছেন, অথচ সমাজে অবৈধ সম্পর্ক ও প্রতারণার ঘটনা অহরহ ঘটে। বাবর জিয়ার স্ত্রীও একই সুরে কথা বলেন। তার মতে, সত্যিকারের ভালোবাসা থাকলে বয়স কোনো বাধা নয়। এই দম্পতি জানিয়েছেন, ঈদুল ফিতরের পর তারা ওমরাহ পালনের পরিকল্পনা করছেন এবং পরে নেদারল্যান্ডস ভ্রমণে যাবেন।

