রাজধানীর মতিঝিল এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মোসা. ইয়াসমিন (৪৩) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মতিঝিল বিভাগ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মতিঝিল থানার কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল কমলাপুর এলাকায় হোটেল গুলশান আরা আবাসিকের নিচে মিঠাই বেকারি অ্যান্ড সুইটসের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসমিন জানান, তিনি একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে তিনি ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

