দেশের কৃতি সন্তানদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক ২০২৬ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হবে।
জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
এবারের একুশে পদকের জন্য বিভিন্ন ক্ষেত্রে মনোনীত হয়েছেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। পাশাপাশি সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজকেও একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।
একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে, যা প্রকাশকদের জন্য ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

