রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রাতের দিকে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সিয়ামকে আটক করা হয়। এ ঘটনায় জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানান তিনি।
এর আগে বুধবার রাতে হাজারীবাগের হায়দার হোটেল গলিতে এক যুবক বিন্তিকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

