সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুখাপন গ্রামে চুরি করা গরু জবাই করে সেই মাংস দিয়ে ইফতার মাহফিলের আয়োজনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গলমুখাপন গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউনাইটেড গলমুখাপন ট্রাস্ট’-এর উদ্যোগে গত মঙ্গলবার (৬ রমজান) একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ কয়েক গ্রামের প্রায় এক হাজার রোজাদার অংশ নেন।
ইফতারের আগের দিন একই গ্রামের নাজমুল ইসলাম নামে এক ব্যক্তির একটি গরু পার্শ্ববর্তী মাঠ থেকে নিখোঁজ হয়। এদিকে, যুক্তরাজ্যপ্রবাসী আহমদ মধু ইফতারের আয়োজনের জন্য তার বাড়ির কেয়ারটেকার সাঈদীকে তিনটি গরু কেনার টাকা প্রদান করেন। অভিযোগ রয়েছে, কেয়ারটেকার সাঈদী গরু না কিনে নাজমুল ইসলামের হারিয়ে যাওয়া গরুটি মাঠ থেকে ধরে এনে জবাই করেন এবং সেই মাংসই ইফতারে পরিবেশন করা হয়।
বৃহস্পতিবার রাতে বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামবাসী প্রবাসী আহমদ মধুর বাড়িতে গিয়ে বিষয়টির ব্যাখ্যা চান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায়, ইফতারের জন্য জবাই করা গরুটি নাজমুল ইসলামেরই ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর আহমদ মধু তাৎক্ষণিকভাবে গরুর মালিককে নগদ ৭০ হাজার টাকা প্রদান করে বিষয়টি মীমাংসা করেন। সামাজিকভাবে বিব্রতকর এই ঘটনার পর শুক্রবার রাতেই তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশত্যাগ করেন বলে জানা গেছে।
এ ঘটনায় নিজে জড়িত নন দাবি করে প্রবাসী আহমদ মধু একটি ভিডিও বার্তা দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত কেয়ারটেকার সাঈদী পলাতক রয়েছেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরশেদুল আলম ভূঁইয়া জানান, বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

