প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট কার্যক্রম উদ্বোধন করবেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, সরকার ধাপে ধাপে সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। প্রাথমিকভাবে চার মাসের একটি পাইলট প্রকল্পের মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে। এই কর্মসূচির মূল লক্ষ্য পর্যায়ক্রমে প্রায় দুই কোটি পরিবারকে মাসিক নগদ সহায়তার আওতায় আনা।
তিনি বলেন, পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৪টি উপজেলায় অন্তত পাঁচ সদস্যের পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। এসব পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক সহায়তা পাবে। এতে সামাজিক নিরাপত্তা জোরদার হবে এবং দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলো উপকৃত হবে।
মন্ত্রী আরও জানান, পাইলট প্রকল্প চলাকালে প্রায় ৬ হাজার ৫০০ পরিবার এ কর্মসূচির সুবিধা পাবে। পর্যায়ক্রমে এর আওতা বাড়িয়ে সারাদেশে বাস্তবায়ন করা হবে। পুরোপুরি বাস্তবায়ন করা গেলে এ কর্মসূচির মাসিক ব্যয় হবে আনুমানিক ৫ হাজার কোটি টাকা এবং বার্ষিক ব্যয় দাঁড়াবে প্রায় ৬০ হাজার কোটি টাকা।

