ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প জানান, অভিযানটি শুরু থেকেই চার সপ্তাহের একটি প্রক্রিয়া হিসেবে পরিকল্পিত ছিল। তার ভাষায়, ইরান একটি বড় ও শক্তিশালী দেশ হওয়ায় এই অভিযান সম্পন্ন করতে চার সপ্তাহ বা তার কাছাকাছি সময় লাগতে পারে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে এর আগেই অভিযান শেষ হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকারে ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আলোচনার দরজা এখনো খোলা রয়েছে, তবে কবে সে আলোচনা শুরু হতে পারে—তা নির্দিষ্ট করে বলেননি। ট্রাম্পের মন্তব্য অনুযায়ী, ইরান আগেই আলোচনায় বসলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদরদপ্তর সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, আইআরজিসির আর কোনো কার্যকর সদরদপ্তর নেই।
অন্যদিকে মার্কিন অভিযানের পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরাইলের জেরুজালেম শহরে রকেট হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। পশ্চিম জেরুজালেমে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ইরানি রকেট সরাসরি জেরুজালেমে আঘাত হেনেছে।

