জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের প্রস্তাব দিয়েছে বিএনপি—এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। একই সঙ্গে সংসদের কাঠামো ও পদবণ্টন সংবিধানের বিধান অনুসারেই সম্পন্ন হবে।
তিনি বলেন, সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলগুলোর আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।
সংবিধান সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জাতীয় সংসদের সদস্য না হলে সংসদে অংশগ্রহণ করতে পারেন না। কেবল নির্বাচিত সংসদ সদস্যরাই সংসদের কার্যক্রমে অংশ নিতে পারেন।
তিনি আরও বলেন, সংবিধান সংস্কার নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হতে পারে, তবে অসাংবিধানিক কোনো বিষয় জাতীয় সংসদে উত্থাপন করা সম্ভব নয়। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তা সংসদে আলোচনা ও সংবিধান সংশোধনের মাধ্যমেই করতে হবে। সংশোধনী পাসের পরই সংস্কার পরিষদের কাঠামো, শপথ ও প্রক্রিয়া চূড়ান্ত করা যেতে পারে।

