নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার কলাগাছিয়া এলাকার একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কলাগাছিয়া এলাকার এক ব্যক্তি খালে মাছ ধরতে গেলে কচুরিপানার ঝোপের ভেতরে একটি অস্ত্র সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি দ্রুত আড়াইহাজার থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় খালের নির্দিষ্ট স্থান থেকে শটগানটি উদ্ধার করে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন জানান, উদ্ধার হওয়া শটগানটি গত বছরের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত একটি। অস্ত্রটির নম্বর যাচাই করে থানায় সংরক্ষিত লুট হওয়া অস্ত্রের তালিকার সঙ্গে মিল পাওয়া গেছে বলেও তিনি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, খালের আশপাশের এলাকায় আরও কোনো অস্ত্র বা গোলাবারুদ লুকিয়ে রাখা হয়েছে কি না, তা নিশ্চিত করতে পুলিশ তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। জননিরাপত্তার স্বার্থে উদ্ধার অভিযান ও তদন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

