ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বুধবার সিনেট এক দ্বিদলীয় প্রস্তাব এগিয়ে নিতে বাধা দিয়ে ট্রাম্পের পক্ষে দাঁড়ায়। ওই প্রস্তাবে ইরানের বিরুদ্ধে চলমান বিমান হামলা বন্ধ এবং ভবিষ্যৎ সামরিক পদক্ষেপে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার আহ্বান ছিল।
৫৩-৪৭ ভোটে প্রস্তাবটি অগ্রসর না করার সিদ্ধান্ত হয়। প্রায় পুরোপুরি দলীয় মতৈক্যে ভোট হয়। একজন ব্যতিক্রম ছাড়া সব রিপাবলিকান প্রস্তাবের বিপক্ষে এবং একজন ব্যতিক্রম ছাড়া সব ডেমোক্র্যাট পক্ষে ভোট দেন।
প্রস্তাবের সমর্থকরা বলেন, এটি ছিল সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে ফিরিয়ে আনার উদ্যোগ। তাদের দাবি, প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে বিদেশে বারবার সেনা মোতায়েন ও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
অন্যদিকে বিরোধীরা যুক্তি দেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দেশের নিরাপত্তা রক্ষায় সীমিত হামলার নির্দেশ দেওয়ার সাংবিধানিক ক্ষমতা রাখেন। তারা প্রস্তাবের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেন, এ ধরনের উদ্যোগ মার্কিন বাহিনীর নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির চেয়ারম্যান, রিপাবলিকান সিনেটর জিম রিশ বলেন, এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়, বরং খুব দ্রুত শেষ হবে।
বর্তমানে রিপাবলিকানরা সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ। এর আগে প্রেসিডেন্টের যুদ্ধক্ষমতা সীমিত করার চেষ্টাও তারা আটকে দিয়েছেন।

