পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্তভাবে ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে আগে থেকেই সরকারি ছুটি নির্ধারিত ছিল। এর পরদিন ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা থাকলেও মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তে দিনটিকেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সভা শেষে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে প্রথম সংসদ অধিবেশনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং একই সঙ্গে ঈদুল ফিতর উপলক্ষে ছুটির সময়সূচি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। ঈদের আগে-পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা আছে। নতুন করে ১৮ মার্চ যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার টানা সাত দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাবেন।
এদিকে ঈদের ছুটি শেষে যদি ২৪ ও ২৫ মার্চ ছুটি ম্যানেজ করা যায়, তাহলে টানা অবকাশ আরও দীর্ঘ হতে পারে। কারণ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটির পর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে প্রায় ১২ দিনের দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে।

