ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে করা নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচনে বিজয়ী প্রার্থীসহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসাইনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি নির্বাচন কমিশনকে ওই আসনের রেজাল্টশিট, ব্যালটপেপারসহ নির্বাচনে ব্যবহৃত সব ধরনের সরঞ্জামাদি সংরক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরবর্তী শুনানিতে সেগুলো প্রয়োজন হলে আদালতে উপস্থাপন করা যায়।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা–১৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আমিনুল হক। নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনের ফলাফলে আবদুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট, আর আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।
তবে নির্বাচনে পরাজিত হলেও পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর (টেকনোক্র্যাট) দায়িত্ব পান আমিনুল হক। নির্বাচনী ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে তিনি আদালতের শরণাপন্ন হন বলে জানা গেছে।
এর আগে বিভিন্ন সংসদীয় আসনের ফলাফল চ্যালেঞ্জ করে ১৫টির বেশি নির্বাচনী আবেদন হাইকোর্টে জমা পড়ে। এসব আবেদনের প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটপেপার ও প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী সংরক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন, যাতে তদন্ত ও শুনানির সময় সেগুলো যাচাই করা সম্ভব হয়।

