মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের কিছু মার্কিন কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘অর্ডারড ডিপারচার’ বা বাধ্যতামূলক প্রত্যাহার নির্দেশনার আওতায় এসব কর্মীকে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে। কর্মকর্তাদের মতে, এই সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে যে অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর যে সংঘাতের সূচনা হয়, তার পরিপ্রেক্ষিতেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে। সেই পরিস্থিতির মধ্যেই প্রথমবারের মতো সৌদি আরবের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মার্কিন কূটনৈতিক কর্মীদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলো।
এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন কূটনৈতিক মিশনে কর্মরত অপ্রয়োজনীয় মার্কিন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তখন কোনো বাধ্যতামূলক নির্দেশনা জারি করা হয়নি।
নতুন এই নির্দেশনা সম্পর্কে কথা বলা কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা সংক্রান্ত বিষয় হওয়ায় প্রকাশ্যে এ বিষয়ে কথা বলার অনুমতি তাদের ছিল না।

