ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। নির্বাচনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজকে বিজয়ী ঘোষণা করা হলেও ভোটগ্রহণ ও ফলাফল প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তিনি এই আবেদন করেন।
বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন আসন থেকে ইতোমধ্যে একাধিক প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করে আদালত সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জামাদি যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগ সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ বর্তমানে এসব নির্বাচনী আবেদন গ্রহণ ও শুনানি করছেন। আদালতের কার্যতালিকায় উল্লেখ রয়েছে যে, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এবং ২০০১ সালের সংশোধনী অনুযায়ী উত্থাপিত নির্বাচনী আবেদন, রুল ও সংশ্লিষ্ট বিষয়সমূহ এই বেঞ্চে শুনানি করা হবে।

