সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে প্রায় ২ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আশরাফ উদ্দিন মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নিজ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন।

বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
আশরাফ উদ্দিন বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করাই তার মূল লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে তিনি দায়িত্ব হিসেবে দেখেন। নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের অন্যান্য সচ্ছল মানুষদেরও এগিয়ে আসা প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলে এলাকার দারিদ্র্য অনেকটাই কমানো সম্ভব হবে। এলাকায় কারখানা স্থাপনের মাধ্যমে কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে বলেও উল্লেখ করেন তিনি।
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে আশরাফ উদ্দিন বলেন, মানুষের সেবা করার মানসিকতা থেকেই তিনি কাজ করে যাচ্ছেন এবং মোগরাপাড়া ইউনিয়নের মানুষের মুখে হাসি ফোটানোই তার লক্ষ্য।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আশরাফ উদ্দিন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তার এসব উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে।

